সিংড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি (নাটোর) | ১৯ জানুয়ারি, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে জিয়াউর রহমান জিয়াম (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের মাধাইসোনা পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত জিয়াম ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াম দীর্ঘ দিন ধরে মানসিক অস্থিরতা ও পারিবারিক কলহের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াম ছোটবেলা থেকেই কিছুটা জেদি ও রাগী স্বভাবের ছিলেন। প্রায় এক বছর আগে তার বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তীব্র বিষণ্নতায় (ডিপ্রেশনে) ভুগছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যরা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে গেলে সেই সুযোগে জিয়াম নিজ বাড়ির বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুল নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button