‘দুলাভাই’ স্লোগানে মুখর শাহজালাল (রহ.) মাজার এলাকা

নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২১ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট সফরে আসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে গেলে সেখানে উপস্থিত জনতা ও দলীয় নেতাকর্মীরা তাকে ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে স্বাগত জানান।

রাত ৯টা ১৬ মিনিটে তারেক রহমান মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। এসময় মাজারের প্রধান ফটক থেকে শুরু করে আশপাশের এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং মোবাইল ফোনে ছবি তুলতে মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্লোগান ও করতালির শব্দে পুরো মাজার এলাকা মুখরিত হয়ে ওঠে।

তারেক রহমানকে ‘দুলাভাই’ সম্বোধন করার পেছনে রয়েছে একটি পারিবারিক প্রেক্ষাপট। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সিলেটের সন্তান। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা এবং তাদের পৈতৃক নিবাস দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে। ১৯৯৪ সালে বিয়ের পর থেকেই তারেক রহমান সিলেটের জামাতা হিসেবে স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ বছর পর তিনি সিলেটে আসায় সাধারণ মানুষ এই পারিবারিক সম্পর্কের টানেই তাকে ‘দুলাভাই’ স্লোগানে বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, মাজার জিয়ারত শেষে তারেক রহমান তার শ্বশুরবাড়িতে অবস্থান করবেন এবং আজ দিবাগত রাত থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন। তার এই সফরকে কেন্দ্র করে সিলেটের রাজপথে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button