

মোঃ পাপেল মিয়া, জেলা প্রতিনিধি গাজীপুর:
আগামী ২৭ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাজীপুর আগমনকে কেন্দ্র করে টঙ্গীতে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সফরকে সফল করতে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় টঙ্গীস্থ সালাউদ্দিন সরকারের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের এই সফর গাজীপুরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক সক্ষমতা ও শক্তি তুলে ধরার জন্য মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল।
সভায় আরও উপস্থিত ছিলেন: আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, সাবেক সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি, আলহাজ্ব সালাউদ্দিন সরকার, কার্যকরী সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক দল। এম. মঞ্জুরুল করিম, বিএনপি মনোনীত এমপি প্রার্থী। গাজীপুর মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় তারেক রহমানের সফরকে ঘিরে জনসমাগম নিশ্চিতকরণ, নিরাপত্তা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।




