জন্মনিবন্ধন না থাকায় বঞ্চিত পথশিশুরা : সমাজসেবা সচিব

জেলা প্রতিনিধি, নোয়াখালী।

বাংলাদেশে পথশিশুদের কোনো সরকারি ডাটাবেজ না থাকা এবং পরিচয় ও জন্মনিবন্ধন সংকটে তারা রাষ্ট্রীয় বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন সমাজসেবা সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী কলেজ মিলনায়তনে আয়োজিত এক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথশিশুদের নাম, পরিচয় বা জন্মনিবন্ধন না থাকায় তারা শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থেকে যাচ্ছে।

সরকার পথশিশুদের নাম ও পরিচয় নির্ধারণ করে জন্মনিবন্ধনের আওতায় আনার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

পরিচয়হীন শিশুদের ক্ষেত্রে চিকিৎসকদের মাধ্যমে বয়স যাচাই করে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সমাজসেবা সচিব গুরুত্বারোপ করেন যে, একজন মানুষের সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে সঠিক পরিচয় থাকা অপরিহার্য।

ড. আবু ইউছুফ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পথশিশুরা মূলধারার শিক্ষা ও চিকিৎসার সুযোগ পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।

বক্তব্য শেষে সমাজসেবা সচিব ‘ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন’ আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার ১৩৪ জন শিক্ষার্থীর হাতে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া। এছাড়া চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button