শিক্ষার্থী পূজার সন্ধান মিলল নিঝুম দ্বীপে, নেপথ্যে প্রেমের সম্পর্ক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া দশম শ্রেণির শিক্ষার্থী পূজা রাণী দাসের সন্ধান মিলেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের টানেই তিনি কক্সবাজার থেকে প্রেমিকের হাত ধরে নিঝুম দ্বীপে চলে আসেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নিঝুম দ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকা থেকে পূজা রাণী দাসকে উদ্ধার করে পুলিশ। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি মিরসরাই উপজেলার পূর্ব মায়নী এলাকায়। তিনি ওই এলাকার অপু দাসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কক্সবাজারে শিক্ষা সফরে যান পূজা। সফর চলাকালীন সময়েই তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবার উদ্বেগ প্রকাশ করলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, পূজার সঙ্গে চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্থানীয় বাসিন্দা মিলনের ছেলে জিহাদের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই পরিচয় থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের ধারাবাহিকতায় শিক্ষা সফরের সুযোগকে কাজে লাগিয়ে পূজা কক্সবাজার থেকে জিহাদের সঙ্গে নিঝুম দ্বীপে চলে আসেন এবং তার বাড়িতে অবস্থান করছিলেন।

নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে মুক্তিযোদ্ধা বাজার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, উদ্ধার হওয়া শিক্ষার্থী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। অভিভাবকরা থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button