ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই হামলা চালানো হয়। পৃথক এক ঘটনায় ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, কুর্দিস্তানে অবস্থানরত ‘কোমালা’ এবং অন্যান্য প্রতিবিপ্লবী গোষ্ঠীর সদরদপ্তর লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাদের দাবি, এই অভিযান সফল হয়েছে। মূলত গত মাসে ইরানের বর্তমান সরকারকে উৎখাতের লক্ষ্যে কুর্দি বিরোধী গোষ্ঠীগুলো একটি রাজনৈতিক জোট গঠন করায় এই পদক্ষেপ নিল তেহরান।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র বিরুদ্ধে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক হাজার বিদ্রোহী সদস্য ইতিমধ্যে ইরানে অনুপ্রবেশ করেছে এবং তারা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

কুর্দিস্তানে হামলার পাশাপাশি তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইরাক ও সিরিয়ার আকাশসীমানায় সেটিকে ধ্বংস করে দেয় ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে “পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে এবং সেটিকে অকেজো করে দেয়।”

এই ঘটনার পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। আঙ্কারা সাফ জানিয়েছে, যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন যেকোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে তেহরানকে বিরত থাকতে হবে। ন্যাটোর পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button