ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার বৃদ্ধির পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বাংলাদেশেও এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় দেশের অভ্যন্তরে চাহিদা অনুযায়ী সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এর ফলে বিদ্যুৎ ও সার উৎপাদন কিছুটা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পবিত্র রমজান মাসে জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে নিশ্চিত করেছে সরকার।

পরিস্থিতি সামাল দিতে মন্ত্রণালয় থেকে বেশ কিছু জরুরি পদক্ষেপের কথা জানানো হয়েছে জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের অনুরোধ। সব ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা। খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রয় বন্ধে কঠোর নির্দেশনা। জ্বালানি পাচার রোধে বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনকে তৎপর থাকার আহ্বান।

সরকার জানিয়েছে, বৈশ্বিক এই নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্যধারণ ও সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button