সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এবং ইরানের সম্ভাব্য ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় সাইপ্রাসের উত্তরাঞ্চলে এফ-১৬ (F-16) যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক।

শনিবার (৭ মার্চ) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে। কয়েক দিন আগে সাইপ্রাস দ্বীপ ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, কেবল তুরস্কের স্বীকৃতি পাওয়া ‘তুর্কি রিপাবলিক অব নর্দান সাইপ্রাস’ (TRNC)-এর আকাশসীমা ও ভূখণ্ড সুরক্ষিত রাখতে এই যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এটি আঙ্কারার পর্যায়ক্রমিক প্রতিরক্ষা পরিকল্পনার একটি অংশ। মূলত পারস্য উপসাগরীয় সংকটের আঁচ সাইপ্রাস পর্যন্ত পৌঁছানোয় নিজেদের কৌশলগত অবস্থান সুসংহত করতে চাইছে তুরস্ক।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইরানের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আঙ্কারা।

ফোনালাপে এরদোয়ান বলেন, “ইরানের বিষয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য এখনো অনেক সুযোগ রয়েছে এবং তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।” তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো দীর্ঘমেয়াদী সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, তুরস্ক বর্তমানে পারস্য উপসাগর থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক অংশীদারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button