

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি
টঙ্গী: গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা দালাল চক্রের চরম ভোগান্তিতে পড়েছেন। হাসপাতালের ভেতর ও আশপাশে সক্রিয় বেশ কিছু প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দালালরা রোগীদের বিভ্রান্ত করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের গেটে ও ভেতরে সারাক্ষণ ওত পেতে থাকে একটি সংঘবদ্ধ চক্র। বিশেষ করে টঙ্গী মিশন ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর’স ল্যাব, ফাতিমা জেনারেল হাসপাতাল, সন্ধানী মর্ডান, সেবা শুশ্রূষা, আল সিফা, মাইশা জেনারেল, পদ্মা জেনারেল, টঙ্গী ইসলামিয়া এবং আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের দালালরা সবচেয়ে বেশি সক্রিয়।
সরকারি হাসপাতালে দীর্ঘ লাইন বা চিকিৎসার ধীরগতির ভয় দেখিয়ে দালালরা রোগীদের দ্রুত সেবা ও উন্নত পরীক্ষার প্রলোভন দেয়। সরল বিশ্বাসে রোগীরা বাইরের ক্লিনিকে গিয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন। অথচ সরকারি হাসপাতালে এসব সেবার অনেকগুলোই বিনামূল্যে বা সামান্য খরচে পাওয়ার কথা।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো চিকিৎসার মান নিয়ে। ‘মাইশা জেনারেল হাসপাতাল’-এর বিরুদ্ধে ভুল রিপোর্ট প্রদানের সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। এতে রোগীরা কেবল আর্থিক ক্ষতির শিকারই হচ্ছেন না, বরং ভুল চিকিৎসায় চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। এ বিষয়ে হাসপাতালের মালিক ডা. মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি দায় এড়িয়ে বলেন, “এটি ডাক্তারের বিষয়, আমার নয়।”
দালালদের এই দৌরাত্ম্য বন্ধে এবং লাইসেন্সধারী বা লাইসেন্সবিহীন এসব ক্লিনিকের কার্যক্রম তদারকি করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী রোগীরা।




