

জেলা প্রতিনিধি | মাগুরা
মাগুরা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৭ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ তাদের শাসনামলে সংঘটিত হত্যা ও গুমের ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এখন যদি তারা এসে ভুল স্বীকার করে বা ক্ষমা চায়, তবে তার কোনো মূল্য নেই। কারণ সময় পার হয়ে গেছে এবং তাদের নির্বাচনে আসার সুযোগও আর নেই।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নেই। মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন শূন্যের কোঠায়। তিনি অভিযোগ করেন, বিদেশে বসে দলটির নেতাকর্মীরা এখনো মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ ছাত্র-ছাত্রীকে ‘জঙ্গি’ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে, যাতে তাদের চালানো হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনকে গুরুত্বহীন করবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে, সাধারণ মানুষের মধ্যে এমন কোনো ধারণা নেই। বরং দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। গুম-খুন ও গণহত্যার মতো অপরাধে জড়িয়ে আওয়ামী লীগ নিজেই নিজেকে নির্বাচনের অযোগ্য প্রমাণ করেছে।”
দায়িত্ব পালন শেষে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে তিনি আবারও তাঁর পুরনো পেশা সাংবাদিকতায় ফিরে যেতে চান।
এর আগে প্রেস সচিব গৌর গোপাল সেবা আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন তিনি। পরিদর্শন শেষে তিনি শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশ্রমের ভক্তরা উপস্থিত ছিলেন।




