বিজয় দিবস ঘিরে বর্ণিল সাজে সুপ্রিম কোর্ট

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামতেই দেখা যায়, ঢাকার বিভিন্ন সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলো সজ্জিত হয়েছে লাল-সবুজের আলোয়। দিবসটি ঘিরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও সেজেছে বর্ণিল সাজে।

রক্ত দিয়ে কেনা এই বিজয়কে বরণ করে নিতেই নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মূল ভবন ও হাইকোর্ট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা মোড়ানো হয়েছে লাল সবুজের আলোর চাদরে।

শুধু সরকারি স্থাপনাই নয়, ব্যক্তিগত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও শামিল হয়েছে এ আলোর উদযাপনে। শুধু লাল সবুজই নয়, উৎসবের এ নগরে ছোঁয়া লেগেছে নীল, হলুদ বা সাদারও। আলোকসজ্জার মধ্য দিয়েই আবার কোথাও তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ আর প্রিয় স্বাধীনতাকে।

সন্ধ্যার পর থেকেই রাজধানী ঢাকা বিজয়ের আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোসহ ব্যাংক-বিমা সরকারি দপ্তর ও অভিজাত হোটেলগুলোতে শোভা পাচ্ছে ঝলমলে আলো। নগরের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাস্তার দুপাশ ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বৈদ্যুতিক বাল্বের বাহারি রঙের আলোর ঝলকানি।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ছাড়াও দেশের প্রতিটি অঞ্চল লাল-সবুজের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বিজয়ের বর্ণিল সাজে ঢাকা রূপ নিয়েছে আলোর নগরীতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button