নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকায় প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত হয়েছেন। নিহত হওয়ার আগে তার ভাই রবিউলকেও গুলি করেন রনি নামের এক ব্যক্তি।

ঘটনাটি ঘটে সোমবার (১২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার বালুর মাঠ ও ইত্তেহাদ টাওয়ারের সামনে। প্রত্যক্ষদর্শী সূত্র ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেলে বালুর মাঠে সাহেব আলীর ভাই রবিউল ও সহযোগী হাফিজ আড্ডা দেওয়ার সময় রনি ও আসলাম এসে প্রথমে রবিউলকে লক্ষ্য করে গুলি করেন। এতে গুলিটি রবিউলের হাতে লাগে এবং একই সঙ্গে হাফিজকে বেধড়ক মারধর করা হয়।

ভাই রবিউলকে গুলি ও হাফিজকে মারধরের খবর পেয়ে সাহেব আলী ও তার ছেলে সজিব খালি গায়েই দৌড়ে ঘটনাস্থলে আসেন। সেখানে সাহেব আলী আক্রমণকারী রনিকে মারতে একটি ইট হাতে নিলে রনি তাকে লক্ষ্য করে মাথায় গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী পাশের খালে পড়ে গেলে তাকে লক্ষ্য করে রনি পুনরায় অস্ত্র লোড করে আবারও গুলি চালিয়ে পালিয়ে যান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, নিহত সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক, নাশকতা ও সরকারি কাজে বাধাদানসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।