কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে আলোচিত কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে (২০) প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গত ৬ অক্টোবর তাজমিন কক্সবাজারে এসে কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে রাজুর সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেছিল। হোটেলের নিবন্ধন খাতায় তার নাম ‘তানজু আক্তার’ ও বয়স ১৮ বছর লেখা হয়েছিল। পরদিন ৭ অক্টোবর সকালে হোটেল ছাড়ার পর রাজু তার জন্য কুমিল্লাগামী বাসের টিকিট কেটে দেন। এরপর কুমিল্লায় ফিরে বাড়ি যাওয়ার পথে অটোরিকশাচালক সুমন মিয়ার মাধ্যমে তাজমিন খুন হন বলে পুলিশ জানায়। গত ৮ অক্টোবর লালমাই উপজেলার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় ৯ অক্টোবর ঘাতক সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তাজমিনের মোবাইল ফোনের কললিস্ট ও অবস্থান বিশ্লেষণ করে রাজুর সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, হোটেলে অবস্থানসহ তদন্তের প্রয়োজনে কিছু বিষয় যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাজমিনের পরিবার চাইলে তার বিরুদ্ধে কক্সবাজারে আইনগত পদক্ষেপ নিতে পারবে।