বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ ২০২৬-এর আওতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড)-এর ঢাকা সেমিনার হলে “Enabling a Sustainable Blue Economy in the Bay of Bengal (Indian Ocean)” শীর্ষক এই কর্মশালাটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বিমরাডের প্রধান পৃষ্ঠপোষক এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিমরাডের চেয়ারম্যান, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের ১৫ জন ফেলো কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান জ্ঞান বিনিময় ও তা বাস্তবক্ষেত্রে প্রয়োগের ওপর জোর দিয়ে বলেন, এই ফেলোশিপ আঞ্চলিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করতে পারে। তিনি ফেলোদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্লু ইকোনমি বিকাশে অবদান রাখার আহ্বান জানান। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ পরিচালিত এই ফেলোশিপের আয়োজন করে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ের অস্ট্রেলিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান রিসোর্সেস অ্যান্ড সিকিউরিটি (ANCORS)।
কর্মশালায় টেকসই ব্লু ইকোনমি বিকাশ, সামুদ্রিক নিরাপত্তা, সমুদ্র শাসনব্যবস্থা, সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা যৌথ গবেষণা, নীতিনির্ধারণ এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ পান। বঙ্গোপসাগরের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এই ধরনের আয়োজন সামুদ্রিক গবেষণা ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।