আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক বাস্তবমুখী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদ এবং সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির।
আলোচনা সভা শেষে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলীর নেতৃত্বে আগুন লাগা ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার একটি বাস্তবভিত্তিক বিশেষ মহড়া প্রদর্শিত হয়।