মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল আমিন বাজার এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি মা ও মেয়েকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০), সিপিসি-২।
গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন বাজার এলাকার মৃত মজিবর রহমানের স্ত্রী মেহেরুন নেছা ওরফে জীবন নেছা (৫০) এবং তার মেয়ে মনোয়ারা আক্তার মেরী (৩০)। স্থানীয়ভাবে তারা 'মাদক সম্রাজ্ঞী' ও 'মাদক কুইন' হিসেবে পরিচিত।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের মো. হানিছুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালিত হয়। আল আমিন বাজারস্থ মজিবর টাওয়ারের (মজিবর রহমানের চারতলা বিল্ডিং) ৩য় তলায় কতিপয় ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআরবি-এর একটি দল অভিযান চালায়।
রাত ৮টার দিকে ওই ভবনের ৩য় তলায় পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম ও পরিচয় প্রকাশ করেন এবং তাদের দখলে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ধৃত মা ও মেয়ে পরস্পর যোগসাজসে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে শ্রীনগর থানাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। নিজ দখলে অবৈধ মাদকদ্রব্য রেখে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন।
অভিযান ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়। এ সময় ধৃত আসামিরা অসুস্থবোধ করায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ ঘটনায় শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নম্বর-২৩) দায়ের করা হয়েছে।