চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপ্রতিমা নিতে এসে এক ভ্যানচালকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রতিমা ভাঙচুর বা প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, উপজেলার বারখাইন ইউনিয়ন থেকে কয়েকজন তরুণ দুর্গাপ্রতিমা নিতে আনোয়ারা সদরে আসেন। জয়কালী বাজার স্টেশন মোড়ে এক ভ্যানচালকের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে প্রতিমা তৈরির শিল্পালয়ের বাইরে অপু সরকার আকাশ নামের এক তরুণের সঙ্গে আবারও বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাতে দুই পক্ষকে থানায় নিয়ে আলোচনা করে বিষয়টির মীমাংসা করে দেয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধি নির্মল কান্তি শীলও প্রতিমা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জানান, দুই ব্যক্তির অভ্যন্তরীণ কথা-কাটাকাটির ঘটনাটিকে একটি মহল পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।
তবে ভুক্তভোগী তরুণ অপু সরকার আকাশ ও শিল্পালয়ের কারিগরের স্বজনদের দাবি, কথা-কাটাকাটির জের ধরে ১০-১৫ জনের একটি দল এসে শিল্পালয়ের বাইরে আকাশকে মারধর করে। ঘটনাটি হাতাহাতির মধ্যে সীমাবদ্ধ থাকলেও প্রতিমা সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে পুলিশ ও পূজা উদযাপন পরিষদ নিশ্চিত করেছে।