সরকারি উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের কোনো সুযোগ দেওয়া হবে না এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি স্পষ্ট জানান, সরকারি বরাদ্দ জনগণের করের অর্থ; তাই উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে হচ্ছে কি না, তা স্থানীয় জনগণকেও নজরদারি করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) ঢাকাস্থ শৈলকূপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়েছে। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে 'শূন্য সহনশীলতা' নীতি ঘোষণা করে তিনি জানান, কোনো অপরাধীর পক্ষে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবির বা প্রভাব বিস্তার গ্রহণযোগ্য হবে না। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসা, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

শৈলকূপার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, দিগনগর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন সড়কে উন্নয়নকাজ চলছে। সম্প্রতি শৈলকূপার আরও ৩৯৫টি সড়ক এলজিইডির তালিকাভুক্ত হয়েছে, যা আগামী পাঁচ বছরে এলাকার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। তিনি সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষতা, জবাবদিহি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।