চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার বাসিন্দা। আর আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগরের বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর তরুণ তাফসির আলম শাওনকে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, স্বজনদের দেওয়া তথ্যানুযায়ী অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এলাকার একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে তারা দুজনই গুলিবিদ্ধ হন।