শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। ধর্মীয় বিধান অনুশীলনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ অক্ষুণ্ণ রাখা সবার দায়িত্ব। হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের অঙ্গীকার।
তিনি জোর দিয়ে বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।" বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ সৌহার্দ্যের বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক—এই আশাবাদ ব্যক্ত করে সারা দেশে হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।