চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মো. আবদুল গফুর (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল গফুর কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের শুরুতে জুলধা পাইপের ঘোড়া বাজার এলাকায় ওই শিশুটিকে ভুলিয়ে-ভালিয়ে একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে বলাৎকার করেন আবদুল গফুর। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও কৌশলে পালিয়ে যান অভিযুক্ত গফুর। এই ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।