জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত এসব সভায় স্থানীয় উন্নয়ন, নাগরিকদের প্রত্যাশা এবং সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতা, বাইশটেকি ও ইমামনগর এলাকার বাড়ির মালিকদের পাশাপাশি ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাড়িওয়ালাদের সঙ্গে এলাকাভিত্তিক সমস্যার কথা শোনেন এবং দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এসব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।