গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন স্লোগান দেয় এবং পরবর্তীতে এলাকার বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দেয়।
এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেয় নেতাকর্মীরা।
এদিকে, সংসদ সদস্যের বাড়ি ও থানায় অগ্নিসংযোগের খবর পেয়ে জেলা শহর থেকে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিলে পথে বাধার মুখে পড়েন। সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর গতিরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এসব সহিংসতার ঘটনায় এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।