রাজধানীতে চলমান সহিংসতার ধারাবাহিকতায় এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মহাখালী এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিসংযোগের শিকার যানবাহনটি ডিএনসিসির একটি স্টাফ বাস ছিল।
ঘটনার বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান জানান, বাসটিতে আগুন লাগার পর প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।