রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত ১০টার মধ্যে এসব হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী এলাকা থেকে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায়, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয় এলাকায় ককটেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া বছিলায় র‍্যাব-২ কার্যালয় এবং রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় শ্যামলী এলাকা থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

এদিকে, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।