রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ঝটিকা মিছিলের আয়োজন, অর্থায়ন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-প্রচার সম্পাদক মোস্তফা আহমেদ জুয়েলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্র করে একটি রাষ্ট্রবিরোধী ঝটিকা মিছিল বের করা হয়। পুলিশের দাবি, মোস্তফা আহমেদ জুয়েল ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা এবং সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়।