চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের তৈরি পোশাক রপ্তানিতে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরো অংশই এসেছে মৌলিক বা বেসিক পোশাক থেকে, যেখানে উচ্চমূল্যের ও উন্নত ধরনের পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি ছিল অত্যন্ত সামান্য। ফলে দেশের পোশাক রপ্তানিতে পণ্যবৈচিত্র্য আসার পরিবর্তে মৌলিক পণ্যের ওপর নির্ভরতা আরও বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে মোট ১ হাজার ৩৭৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ২৯৯ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রপ্তানি বাড়ার পরিমাণ প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার। এই বর্ধিত রপ্তানির প্রায় ৭৩ কোটি ডলার বা মোট প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশই এসেছে মৌলিক পোশাক থেকে। আলোচ্য সময়ে মৌলিক পোশাকের রপ্তানি ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮ কোটি ডলারে পৌঁছেছে, যা মোট পোশাক রপ্তানির ৭৮ দশমিক ৪১ শতাংশ।
মৌলিক পোশাকের এই প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে তিনটি পণ্য। এর মধ্যে বটমওয়্যার বা ট্রাউজার রপ্তানি ২৮ কোটি ৭০ লাখ ডলার, সোয়েটার ও কার্ডিগান ১৯ কোটি ৫০ লাখ ডলার এবং টি-শার্ট ও ভেস্টের রপ্তানি ১৪ কোটি ১০ লাখ ডলার বেড়েছে। এই তিন পণ্য মিলেই মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৮২ শতাংশ পূরণ করেছে। এর মধ্যে সোয়েটারের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি (৮ দশমিক ৪৩ শতাংশ) ছিল। এছাড়া ছোট আনুষঙ্গিক পণ্যের রপ্তানি ১১ দশমিক ২৬ শতাংশ বাড়লেও এর ভিত্তি ছিল মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার।
অন্যদিকে, শার্ট ও ব্লাউজ বা আধা-মৌলিক পোশাকের রপ্তানি মাত্র ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ১১১ কোটি ডলারে দাঁড়িয়েছে। মোট রপ্তানিতে এ খাতের অংশ ৮ দশমিক ০৫ শতাংশে নেমে এসেছে।
উন্নত বা উচ্চমূল্যের পোশাকের খাতটিতে পরিস্থিতি আরও মন্থর। এ খাতের রপ্তানি মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১৮৬ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা থেকে মোট প্রবৃদ্ধিতে অতিরিক্ত মাত্র ১ কোটি ২০ লাখ ডলার যুক্ত হয়েছে। আউটারওয়্যার ও টেকনিক্যাল ওয়্যারের রপ্তানি কিছুটা বাড়লেও ড্রেস (১২ দশমিক ৮৩ শতাংশ), স্পোর্টসওয়্যার ও অ্যাকটিভওয়্যার (৮ দশমিক ২৪ শতাংশ) এবং স্যুট ও এনসেম্বলের (১৪ দশমিক ৯৭ শতাংশ) রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ফলে মোট পোশাক রপ্তানিতে উন্নত পণ্যের অংশ কমে ১৩ দশমিক ৫৪ শতাংশে নেমে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, এই চার মাসের চিত্র থেকে স্পষ্ট যে দেশের পোশাক খাত সামগ্রিকভাবে এগিয়ে গেলেও পণ্যের ধরনে বৈচিত্র্য আসছে না, বরং মৌলিক পণ্যের ওপর একক নির্ভরতা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে।