যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের দেশটি থেকে বহিষ্কারের আগে আর পাঁচ কার্যদিবসের আগাম নোটিশ দিতে হবে না সরকারকে। অভিবাসন প্রক্রিয়া দ্রুততর করতে আইন পরিবর্তনের এই উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। নতুন নিয়মে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আগাম কিছু না জানিয়েই সর্বোচ্চ ছয় মাসের মধ্যে বহিষ্কার বা দেশে ফেরত পাঠাতে পারবে ব্রিটিশ হোম অফিস। ইনফোমাইগ্রেন্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে আশ্রয়ের আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়া হয়। তবে সরকারের মন্ত্রীদের ধারণা, এই নোটিশের সুযোগ নিয়ে অনেকে শেষ মুহূর্তে আপিল করেন, যার ফলে বহিষ্কার প্রক্রিয়া অযথা বিলম্বিত হয়। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনবেন। নতুন সংশোধনী অনুযায়ী, আপিলের সব আইনি সুযোগ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আগাম নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ক্ষমতা দেওয়া হবে।

এ বিষয়ে যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী আনা টারলি বলেন, যাঁদের আপিল করার অধিকার শেষ হয়ে গেছে, তাঁদের দ্রুত বহিষ্কার নিশ্চিত করা হচ্ছে এবং বৈধ বহিষ্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই বিল অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে।

নতুন এই নীতির পক্ষে ডেনমার্কের উদাহরণ তুলে ধরেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি তথ্য অনুযায়ী, ডেনমার্কে একই ধরনের নীতি চালুর পর পাঁচ বছরে বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমে বর্তমানে ১ হাজারের নিচে নেমে এসেছে। উল্লেখ্য, স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার আশ্রয় আবেদনের দীর্ঘদিনের জট কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

২০২৬ সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন ৪০ হাজার ১৬৮ জন এবং আদালতে আপিলের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন আরও ৯০ হাজার ৩৪১ জন। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে জমা পড়া আবেদনের ৩৮ শতাংশ ক্ষেত্রে শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে। মোট আবেদনের ৪০ শতাংশই আসে ছোট নৌকায় করে দেশটিতে প্রবেশ করা ব্যক্তিদের কাছ থেকে।

এদিকে ব্রিটিশ সরকারের নতুন এই নিয়মের কঠোর সমালোচনা করেছে শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা রিফিউজি কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, কোনো নোটিশ ছাড়া এভাবে মানুষকে বহিষ্কার করলে তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হবে। দাতব্য সংস্থাটির পরিচালক ইমরান হুসেইন বলেন, জোরপূর্বক প্রত্যাবাসনের চেয়ে মানুষকে মর্যাদার সঙ্গে স্বেচ্ছায় দেশে ফিরতে সহায়তা করলে অনেকেই সেই সুযোগ গ্রহণ করবেন এবং এতে করদাতাদের অর্থও অনেক কম ব্যয় হবে।