২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান গণহত্যার শামিল ছিল কি না, সে বিষয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চূড়ান্ত রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত—আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বিশ্ব আদালত নামে পরিচিত আইসিজে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো সুনির্দিষ্ট মামলার রায় দিতে যাচ্ছে।

আন্তর্জাতিক আইনের আওতায় সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে রাষ্ট্র কীভাবে নিজের দায়বদ্ধতা মূল্যায়ন করে, এই রায় তার নতুন রূপরেখা নির্ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে রোহিঙ্গাদের জন্য এই রায় এক বিরল আশার মুহূর্ত হিসেবে এসেছে, যেখানে বিশ্ব আনুষ্ঠানিকভাবে তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেবে এবং জবাবদিহির পথ প্রশস্ত করবে।

উল্লেখ্য, ২০১৯ সালে আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে এ মামলা দায়ের করে। মামলায় বলা হয়, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে সামরিক অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন এবং সেখানে সংঘটিত গণহত্যার রাষ্ট্রীয় দায় মিয়ানমারকে নিতে হবে। মামলার অংশ হিসেবে মিয়ানমারকে ক্ষতিপূরণ প্রদান এবং রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দিতেও আদালতকে অনুরোধ জানিয়েছে গাম্বিয়া। জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনও বলেছিল, ওই অভিযানে ‘গণহত্যায় রূপ নেওয়া বিভিন্ন কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের সামরিক বাহিনী বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছিল। এ রায়ের বিষয়ে মন্তব্যের অনুরোধে মিয়ানমারের সেনা-সমর্থিত সরকার কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রায় ঘোষণার প্রাক্কালে কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মাঝে ন্যায়বিচার পাওয়ার নতুন আশা জেগেছে। ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যের বহুল আলোচিত 'ইন দিন' গণহত্যাকাণ্ডে স্বামী ও ভাই হারানো ৩৪ বছর বয়সী হাসিনা খাতুন রয়টার্সকে বলেন, "সেনাবাহিনী আমার স্বামী এবং গ্রামের অন্য পুরুষদের ধরে নিয়ে গিয়েছিল, যা আমরা নিজের চোখে দেখেছি। তখন আমি গর্ভবতী ছিলাম এবং কোনো রকমে জীবন নিয়ে বাংলাদেশে পৌঁছেছি। আমরা দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষায় আছি। আশা করছি, এটি আমাদের জন্য ন্যায়বিচার বয়ে আনবে এবং মর্যাদা, নিরাপত্তা, নাগরিকত্ব ও পূর্ণ অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যাওয়ার পথ সুগম করবে।"

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও এই রায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ এর প্রভাব মিয়ানমারের সীমানা ছাড়িয়ে অন্যান্য মামলাতেও পড়তে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ নজির হতে পারে। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক আইনের অধ্যাপক মেলানি ও’ব্রায়েন উল্লেখ করেন, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সামরিক অভিযান চালানোর যে যুক্তি মিয়ানমার দিয়েছে, তার সঙ্গে ইসরায়েলের যুক্তির মিল রয়েছে। এশিয়া জাস্টিস কোয়ালিশনের প্রধান প্রিয়া পিল্লাই বলেন, এই মামলাটি নিশ্চিতভাবেই অন্যান্য গণহত্যার মামলাগুলোকে প্রভাবিত করবে।

আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অপরাধ প্রমাণ করা অত্যন্ত জটিল, কারণ এর জন্য কোনো গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট 'অভিপ্রায়' প্রমাণ করতে হয়। হলোকাষ্টের পর থেকে আন্তর্জাতিক আদালত কেবল ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যা, ১৯৯৫ সালের বসনিয়ার স্রেব্রেনিকা গণহত্যা এবং ১৯৭০-এর দশকে কম্বোডিয়ার খেমার রুজের অপরাধকেই গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের তদন্ত দল মিয়ানমারে গণহত্যার অভিপ্রায় খুঁজে পেলেও বিচারকদের প্যানেল নারী ও শিশুদের ওপর সংঘটিত অপরাধ এবং তদন্ত দলের তথ্যকে কীভাবে মূল্যায়ন করেন, সেদিকেই তাকিয়ে আছেন আন্তর্জাতিক আইনজীবীরা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের বিষয়ে চূড়ান্ত রায় দেয়, যা ব্যক্তি পর্যায়ের বিচারকারী আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা।