ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ও ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রীনগর সীমান্তে অবস্থিত দেশের তৃতীয় সীমান্ত হাটটি দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে হাটটি বন্ধ থাকায় এটি এখন অনেকটা পরিত্যক্ত স্থাপনা ও আগাছায় ভরা ভূতুড়ে স্থানে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা অবিলম্বে এটি চালুর দাবি জানালেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় বাণিজ্যের প্রসারের লক্ষ্যে ২০১৫ সালের ১৩ জানুয়ারি এই সীমান্ত হাটটি চালু করা হয়েছিল। প্রতি মঙ্গলবার বসা এই হাটে দুই দেশেরই ৫৪টি করে মোট ১০৮টি দোকান থাকার কথা থাকলেও মূলত বাংলাদেশের ২৭টি এবং ভারতের ২৭টি দোকান সচল ছিল। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের মার্চে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর ২০২৩ সালের ৯ মে হাটটি পুনরায় চালু করা হয়।
তবে চালুর পর থেকেই নানা জটিলতা তৈরি হতে থাকে। ২০২৪ সালের ২৭ আগস্ট অনুষ্ঠিত সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক সভায় পুলিশ, বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন নিরাপত্তা ও বাণিজ্যিক সমস্যা তুলে ধরে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, হাটের নির্ধারিত পণ্যের বাইরে কাঁটাতারের ফাঁক দিয়ে অবৈধভাবে বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করছিল এবং ক্রেতা-বিক্রেতাদের হালনাগাদ তথ্য ও পর্যাপ্ত নিরাপত্তা জনবল ছিল না। এছাড়া কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে যেভাবে পণ্য আসছিল, তার তুলনায় বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি ছিল অত্যন্ত নগণ্য, যা বাণিজ্যে ভারসাম্যহীনতা তৈরি করেছিল। চোরাচালান ও শুল্ক ফাঁকির অভিযোগ ওঠার পাশাপাশি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে হাটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে হাটের প্রবেশপথে ঝুলছে বড় তালা। ভেতরের ১৩টি টিনের শেডে মরিচা ধরেছে এবং পিলারের চারপাশে জন্মেছে আগাছা ও ময়লার স্তূপ। হাটটি বন্ধ থাকায় বাংলাদেশি ২৭টি দোকানের সঙ্গে যুক্ত দেড় শতাধিক কর্মচারীসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এক থেকে দুইশ মানুষ কর্মসংস্থান হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, একসময় এই হাটে মাছ, বিস্কুট, চানাচুর ও কাপড়ের ব্যাপক চাহিদা ছিল। অন্যদিকে ভারতীয় দোকানগুলোতে মসলা, সাবান, তেল, প্রসাধন ও শিশুদের নানা সামগ্রী বিক্রি হতো। হাট বন্ধ থাকায় এই এলাকার অর্থনৈতিক কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে।
হাটটি পুনরায় চালু করা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুবসহ স্থানীয় অনেকেই মনে করেন, এই হাট দুই দেশের সাধারণ মানুষের ভ্রাতৃত্ববোধ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখত। তাই যথাযথ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে এটি পুনরায় চালু করা উচিত। তবে অপর একটি অংশের আশঙ্কা, অতীতে এই হাটকে কেন্দ্র করে মাদক ও চোরাচালানের প্রবণতা বেড়েছিল। তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এটি চালু না করাই ভালো।
এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে হাটটি বন্ধ রাখা হয়েছে এবং এটি চালুর ব্যাপারে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানিয়েছেন, সরকার উদ্যোগ নিলে এবং প্রয়োজন হলে নিরাপত্তা বিষয়গুলো খতিয়ে দেখে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।