বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাত (গার্মেন্টস) বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে। যারা নিজেদের হীন স্বার্থ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে কোনোভাবেই আপস হতে পারে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের কল্যাণের বিরুদ্ধে কাজ করছে এবং নানাভাবে উসকানি দিচ্ছে, যাতে ঘোলা পানিতে অন্য কেউ মাছ শিকার করতে পারে। তিনি বলেন, আমাদের শক্তি, ঐক্য, সংহতি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তাদের মোকাবিলা করতে হবে। তারা ঐক্যকে ভয় পায় বলেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। নৈতিকভাবে তারা দুর্বল, কারণ তারা অপরাধী, দুর্নীতি করেছে এবং দেশের সম্পদ পাচার করেছে। তাদের মনে কোনো সৎ সাহস নেই।

চলমান শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন ন্যায়সঙ্গত এবং এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে, যেখানে শ্রমিকদেরও প্রতিনিধি রয়েছে। ফলে বর্তমান সময়ে আন্দোলনের আর কোনো প্রয়োজন বা যৌক্তিকতা নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, যদি কেবল মিছিল বা স্লোগান হতো, তবে বোঝা যেত যে বেতন বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু তা না করে কারখানা বন্ধ করে দেওয়া এবং ভাঙচুর চালানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।