প্রেমে বিচ্ছেদ ঘটেছিল, এমনকি দুজনই জড়িয়েছিলেন ভিন্ন সম্পর্কে। তবুও পুরোনো ভালোবাসার টানে শেষ পর্যন্ত আবার এক হয়েছেন ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল ও ব্যবসায়ী গৌতম কিচলু। সম্প্রতি প্রাক্তন প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার নেপথ্যের গল্প শুনিয়েছেন এই অভিনেত্রী।

এক বন্ধুর বিয়েতে প্রথম গৌতমের সঙ্গে পরিচয় হয়েছিল কাজলের। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর প্রায় ১৩ বছর আগে সম্পর্কে জড়ান তাঁরা। তবে একসময় তাঁদের সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। আলাদা হয়ে যাওয়ার পরও দুজনের মধ্যকার বন্ধুত্ব অটুট ছিল। পরবর্তীতে দুজনই অন্য মানুষের সঙ্গে সম্পর্কে জড়ালেও একপর্যায়ে বুঝতে পারেন যে একসঙ্গে থাকাই তাঁদের প্রকৃত চাওয়া।

নিজের অনুভূতি প্রকাশ করে কাজল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী যে নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি। আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, বন্ধু হিসেবে থেকেছি এবং অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। এরপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’

বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে কাজল জানান, তিনিই গৌতমকে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন। অভিনেত্রীর ভাষায়, ‘আমি ওকে বলেছিলাম, এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায়। এবার আর অন্য কোনো পথ নেই।’

কাজল আরও জানান, করোনা মহামারির লকডাউন তাঁদের সম্পর্ককে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করেছিল। শুটিং ও কাজের ব্যস্ততা থেকে দূরে থাকায় সেই সময়টাতে তাঁরা একে অপরকে অনেক বেশি সময় দেওয়ার সুযোগ পান, যা তাঁদের বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে।