আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ এবং রাজবাড়ী ও পাংশা পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দ্বিতীয় দফায় সারা দেশের প্রার্থীদের তালিকা প্রকাশের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এনসিপির রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. পলাশ খান আব্দুল্লাহ, রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান সাকিব এবং পাংশা পৌরসভায় মেয়র পদে পাংশা উপজেলা আহ্বায়ক এম জহিরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রার্থী তালিকা প্রকাশের সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে রাজবাড়ীর এক উপজেলা ও দুই পৌরসভার প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

মনোনয়ন পাওয়ার পর রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী সাইদুর জামান সাকিব দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই মনোনয়নকে তিনি সম্মান ও দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে রাজবাড়ীবাসীর সেবক হয়ে পাশে থাকতে চান। অন্যদিকে, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. পলাশ খান আব্দুল্লাহও দলের আস্থার প্রতিদান দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি বালিয়াকান্দিবাসীর আস্থার প্রতীক হতে চান এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে সবসময় পাশে থাকবেন।