২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং বর্তমানে কারাগারে থাকা অপর আটজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শুনানির সময় ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, মঈনুল করিম ও তারেক আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ১৯ জনের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।

মামলার ১৯ আসামির তালিকায় রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার ছাড়াও রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দীন মাহমুদ (এসএএম জাহিদ), স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু এবং আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। জনপ্রতিনিধিদের মধ্যে আসামি করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী (বাবলী) এবং ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন রশিদকে (জনি)। এ ছাড়া যুবলীগ নেতা ও কর্মীদের মধ্যে মো. সাদ্দাম হোসেন মিতুল, মো. শরীফ, মো. স্বপন ব্যাপারী এবং মোরসালিন রানাকে আসামি করা হয়েছে।

অন্যদিকে পুলিশের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আসামির তালিকায় রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মিরপুর বিভাগের ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, দারুস সালাম জোনের এডিসি এমএম মইনুল ইসলাম, পল্লবী থানার ওসি অপূর্ব হাসান এবং মিরপুর মডেল থানার ওসি মুন্সি সাব্বির হোসেন। এই ১৯ আসামির মধ্যে কামাল আহমেদ মজুমদারসহ মোট আটজন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং মাইনুল হোসেন খান নিখিল ও সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ বাকি ১১ জন পলাতক রয়েছেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও পল্লবী এলাকায় আন্দোলনরত ৫০ জনেরও বেশি নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত এসব হত্যাকাণ্ড, হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা ও পৃথক ভূমিকা উল্লেখ করে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছিল।