নেত্রকোণার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে। আগুনে দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ করেই বিএনপির দলীয় কার্যালয়ে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের একটি লাকড়ির দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয় ও দোকানটির উল্লেখযোগ্য অংশ পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।