চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আগামী শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৬। মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের মেলায় ২০টি প্যাভিলিয়ন ও ২১৬টি স্টলে দেশি-বিদেশি ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারাও রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) মেলা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির উপদেষ্টা আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীগুলো তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বিদেশি উদ্যোক্তাদের জন্য থাকছে পৃথক স্টল ও অ্যাসোসিয়েট কান্ট্রি জোন, যা দেশীয় পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

দর্শনার্থীদের সুবিধার্থে এবার মেলা প্রাঙ্গণে নতুন লে-আউট পরিকল্পনা করা হয়েছে। এতে থাকছে ফুড জোন, শিশুদের জন্য দুটি প্লে-জোন, বসার জন্য ছাউনিসহ ক্যানোপি, সবুজায়ন, দৃষ্টিনন্দন প্রবেশপথ এবং একটি মসজিদ। পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, উন্নত শৌচাগার এবং প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে।

মেলার সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ ও বেসরকারি নিরাপত্তাকর্মীদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন এবং পুরো প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দল ও অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ একটি গাড়ি সর্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

মেলা চলাকালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা মেলা পরিদর্শন করবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা তিনটি প্যাভিলিয়ন, স্টল এবং দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিশেষ পদক ও সনদ প্রদান করা হবে। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক জানান, একটি মেলা আয়োজনে ছয় থেকে আট মাস প্রস্তুতির প্রয়োজন হয়। গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে মেলা আয়োজন কঠিন হওয়ায় এবং আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা থাকায় ডিসেম্বরের মধ্যেই মেলাটি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে দেশীয় পণ্যের প্রসারে চট্টগ্রাম চেম্বার এই মেলার আয়োজন করে আসছে, তবে গত দুই বছর মেলাটি অনুষ্ঠিত হয়নি। এবার বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।