রাজধানীর কেরানীগঞ্জে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে লেবেল না থাকাসহ নানা অনিয়মের দায়ে ‘শৈলী বেকারি অ্যান্ড দাদু কনফেকশনারি’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কেরানীগঞ্জের আমীরাবাগ এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ এই অভিযানে নেতৃত্ব দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানকালে কারখানাটিতে চরম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের প্রমাণ মেলে। কারখানার মেঝে, সিঁড়ি, দরজা-জানালা এবং উৎপাদন যন্ত্রপাতিতে ময়লার পুরু স্তর জমে ছিল। পাশাপাশি কোনো ধরনের উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের লেবেল ছাড়াই বিপুল পরিমাণ কেক, বিস্কুট ও অন্যান্য খাদ্য উপকরণ সংরক্ষণ করা হচ্ছিল।
এ ছাড়া অভিযানের সময় মজুতকৃত কালার পেস্ট ও ফুড কালারের ক্রয় রসিদ (ভাউচার) দেখাতে পারেনি বেকারি কর্তৃপক্ষ। একই সঙ্গে হালনাগাদ ফায়ার লাইসেন্স, পোকামাকড় দমন বা পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র এবং পানির গুণগত মান পরীক্ষার সনদও দেখাতে ব্যর্থ হয় তারা।
অভিযানে উঠে আসা এসব অনিয়ম ও অপরাধ স্বীকার করায় ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেই অর্থ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ঢাকা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।