ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আটক আনোয়ার হোসেন পারভেজ (৩২) ও তার স্ত্রী মাহিন ইসতিয়াজ জাহান তিথিকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ। ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসরাফিল বাদী হয়ে মামলাটি করেন। পাশাপাশি তাদের থানায় নেওয়ার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফেনী শহরের গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামের একটি আইডি থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে ধারাবাহিকভাবে পোস্ট করেন। এ নিয়ে কয়েক দিন ধরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে উত্তেজিত জনতা গার্ডেন সিটির নিচে জড়ো হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গার্ডেন সিটির ১৬ তলার ফ্ল্যাট থেকে পারভেজ ও তার স্ত্রীকে আটক করে। পরে তাদের পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত লোকজন পারভেজকে মারধর করেন এবং গাড়িতে থাকা তাকে লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করেন। এতে পুলিশের গাড়ির সামনের অংশের কাচ ভেঙে যায় এবং দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হন।

আটক পারভেজ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তার স্ত্রী তিথি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া এলাকার নাছির উদ্দিনের মেয়ে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল জানান, দম্পতির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি জিডি করা হয়েছে।

অন্যদিকে, ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে; তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে।