সিলেটের জৈন্তাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষিত কুকুর ‘মিকি’র সহায়তায় বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শ্রীপুর চা-বাগান এলাকায় পরিচালিত এ অভিযানে ৫০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার জেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) সিলেটে বিজিবি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
তিনি জানান, বিজিবির বিশেষ অভিযানিক দলের সঙ্গে অস্ত্র ও বিস্ফোরক শনাক্তকরণে প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সদস্য কুকুর ‘মিকি’ অংশ নেয়। তার ঘ্রাণশক্তি ও সহায়তায় তল্লাশি চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা সম্ভব হয়।
বিজিবির এই কর্মকর্তা বলেন, উদ্ধার করা বিস্ফোরকগুলো অত্যন্ত শক্তিশালী এবং উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে এগুলো পাচার করা হচ্ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ৪৮ বিজিবির ধারাবাহিক অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি পাওয়ার জেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ডসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতাদের তালিকা হালনাগাদ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।