বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে ওই চারজনকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

পুলিশে হস্তান্তর করা চারজন হলেন—বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা নিজ নিজ দপ্তর থেকে ওই চার কর্মকর্তা-কর্মচারীকে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই কর্মকর্তাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, তার অফিসে ওই চারজনকে আনা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত দাবি করেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র দাস জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।