ব্যবসায়িক পর্যায়ে (বিটুবি) যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি ‘যৌথ ব্যবসায়িক ফোরাম’ গঠনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জর্ডান। পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পুনরায় কার্যকর করা এবং ‘শ্রম বিষয়ক যৌথ কমিটি’ সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ।

স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত দুই দেশের রাজনৈতিক পরামর্শক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) মো. নজরুল ইসলাম এবং জর্ডানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি ও পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বিসিআইসি ও জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যকার সমঝোতা স্মারকটি পুনরায় সচল করার মাধ্যমে ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক দ্রব্য সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সরাসরি সহযোগিতার পথ উন্মোচিত হবে। এ ছাড়া তৈরি পোশাক ও ওষুধ শিল্প খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।

শ্রমিক বিষয়ক সহযোগিতার গুরুত্ব বিবেচনায় উভয় পক্ষ ‘শ্রম বিষয়ক যৌথ কমিটি’ সক্রিয় করার বিষয়ে সম্মত হয়েছে। এর মূল লক্ষ্য হলো জর্ডানে অবস্থানরত নথিপত্রবিহীন বাংলাদেশি কর্মীদের বৈধকরণসহ শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

সভায় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় জর্ডানের একটি আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানানো হলে জর্ডান জানায়, বিষয়টি তাদের বিবেচনাধীন রয়েছে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে জেরুজালেমে মুসলিম ও খ্রিষ্টানদের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের দীর্ঘদিনের ভূমিকা এবং ফিলিস্তিনিদের দাবির প্রতি তাদের নীতিগত সমর্থনের প্রশংসা করে বাংলাদেশ। একই সঙ্গে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন সংকটের একটি ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। জর্ডান বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করে এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে সংকট সমাধানের বিষয়ে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে।

উভয় দেশ সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরে একটি ‘সংসদীয় মৈত্রী কমিটি’ গঠনের বিষয়ে একমত হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাড়তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ ছাড়া অমীমাংসিত দ্বিপাক্ষিক দলিলগুলোর চূড়ান্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতেও সম্মত হয় উভয় পক্ষ। আলোচনা শেষে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত মতবিনিময়ের আনুষ্ঠানিক কাঠামো তৈরির লক্ষ্যে রাজনৈতিক পরামর্শ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।