রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
রাত ২টা ৫৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির। তিনি জানান, আটকের পর জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করেননি তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেখানে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
পরবর্তীতে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা জ্যোতি। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না; বরং আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও সে সময় মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।
এ বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে সহকর্মীদের একাংশ তার বিরোধিতা করলে তিনি অফিস ত্যাগ করেন। এরপর ওই বছরের ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।
সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়, যে তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও অন্তর্ভুক্ত ছিল।