দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এর ফলে এক বছর পর আবারও দুই লাখ টাকার নিচে নেমে এল প্রতি ভরি সোনার দাম, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রাত সাড়ে ৯টায় কমিটির এক বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নির্ধারিত এই দাম আজ রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুসের নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, যা আগে ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম দুই লাখ টাকার ঘর অতিক্রম করেছিল এবং ঠিক এক বছর পর তা আবারও দুই লাখের নিচে নেমে এল।

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস স্পষ্ট করেছে যে, নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট সংযুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার নকশা ও মানভেদে নির্ধারিত মজুরি যুক্ত হবে। এ ছাড়া পুরোনো গয়না বদলানোর (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে মোট মূল্য থেকে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; এক্ষেত্রেও আলাদা কোনো ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা ও নিয়মাবলি কার্যকর থাকবে।