রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হারিয়ে যাওয়া দুই শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। একই দিনে কুড়িয়ে পাওয়া নগদ ৭ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের কানের দুলসহ একটি ব্যাগও প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন তারা।

শনিবার (২১ নভেম্বর) ঢামেক হাসপাতালে পৃথক তিনটি ঘটনায় আনসার সদস্যরা মানবিকতা ও সততার এ দৃষ্টান্ত স্থাপন করেন বলে জানিয়েছেন বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের সামনে তিন বছর বয়সী শিশু আরাফাতকে একা কান্নাকাটি করতে দেখেন কর্তব্যরত আনসার সদস্য মো. মনির হোসেন। তিনি শিশুটিকে সান্ত্বনা দিয়ে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরবর্তীতে প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর হাসপাতালের পুরাতন ভবনের সামনে শিশুটির মাকে খুঁজে পাওয়া যায়। আরাফাত তার মাকে শনাক্ত করলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

এ ছাড়া একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি কালো রঙের টাকার ব্যাগ কুড়িয়ে পায় এক শিশু। শিশুটি ব্যাগটি কর্তব্যরত এপিসি মো. জাহিদ ও এপিসি মো. শামীম হোসেনের কাছে জমা দেয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে নগদ ৭ হাজার টাকা, একটি টাচ মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের কানের দুল পাওয়া যায়। পরে ব্যাগটি হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ পিসি শাহাদাৎ হোসেনের জিম্মায় রাখা হয় এবং যথাযথভাবে মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিক ফরিদা ইয়াসমিনের কাছে সব মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

এর মাত্র ১০ মিনিট পর বিকেল ৫টা ২০ মিনিটে হাসপাতালের নতুন ভবনের নিচতলার গ্লাস গেটের সামনে আনুমানিক আট বছর বয়সী জুনায়েদকে একা ঘোরাঘুরি করতে দেখেন আনসার সদস্য শফিকুল ইসলাম। শিশুটি তার ভাইকে খুঁজছিল। পরে তাকে প্রশাসনিক ব্লকে নিয়ে যাওয়া হয় এবং প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর পুরাতন ভবনের নিচতলায় তার বড় ভাই আকরাম হোসেনকে পাওয়া যায়। জুনায়েদ তার ভাইকে শনাক্ত করলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মো. নাজমুস সাকিব জানান, একই দিনে ঘটে যাওয়া এসব ঘটনায় আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা, সততা ও গভীর দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং হারানো সম্পদ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে বাহিনীর সদস্যরা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।