রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২৪ ক্যারেট স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনি ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
এপিবিএন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট বলে নিশ্চিত হওয়া যায়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ দেশে এনে জুয়েল ও শাওনসহ দেশীয় অজ্ঞাতনামা সহযোগীদের মাধ্যমে চোরাচালান করতেন তারা। দীর্ঘদিন ধরেই এই চক্রটি বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে তথ্য মিলেছে।
এ বিষয়ে এপিবিএনের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।