ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, দেশের প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে ছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও গণতন্ত্র যখন বিপন্ন ছিল, তখন জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেন।
শনিবার (২১ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক র্যালিতে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। তার নেতৃত্বে গণতন্ত্রের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। কোনো অপশক্তি যেন এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি দেশের সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তিনি রক্ষীবাহিনী বিলুপ্ত করে সশস্ত্র বাহিনীকে সুসংগঠিত ও শক্তিশালী করেন।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী, জনগণ, ছাত্র, শ্রমিক ও কৃষকের ঐক্য বজায় থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না। সশস্ত্র বাহিনী দিবসে এটিই হোক সবার অঙ্গীকার।