চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের সন্ত্রাসবিরোধী মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামের শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ারকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়।

হামলার শিকার নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের একদল নেতাকর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৮ থেকে ১০ জন আহত হন এবং হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।