চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের মাত্র ১১ দিনের মাথায় পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে এক নববধূকে নির্যাতন, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও বাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীর ভাই মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বাবা নাছির উদ্দীন, মা চেমন আরা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা।
মামলায় অভিযুক্তরা হলেন নাজমিন সুলতানার স্বামী মুহাম্মদ তৌহিদুল ইসলাম, দেবর মোহাম্মদ শহীদ (২৬), শাশুড়ি জমানা খাতুন (৫২), ইমু আকতার (২৬) ও বিয়ের প্রথম সাক্ষী শামসুন নুর (৫০)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে তার বোন নাজমিন সুলতানার সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। কিন্তু বিয়ের পর থেকেই তৌহিদুল তার মায়ের প্ররোচনায় আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন এবং এ নিয়ে নাজমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, যৌতুকের টাকা দিতে অপারগতা জানালে গত ৮ নভেম্বর দুপুরে নাজমিনকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। পরদিন ৯ নভেম্বর ভাই ইকবালসহ পরিবারের সদস্যরা বিষয়টি জানতে শ্বশুরবাড়িতে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন। প্রতিবাদ করলে স্বজনদের সামনেই নাজমিনের চুল ধরে টানাহেঁচড়া করা হয়। একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে তার গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তালাক দেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করা হয়।
এ ঘটনায় গত ১৭ নভেম্বর ভুক্তভোগীর মা চেমন আরা বেগম বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, বিয়ের নামে এমন প্রতারণা ও নির্যাতনের পুনরাবৃত্তি যেন আর কোনো মেয়ের জীবনে না ঘটে। সে জন্য মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।