চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ অভিযান চালায় জোরারগঞ্জ থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং একই জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত সিদ্দিক আহম্মদের ছেলে সালাহ উদ্দিন আকবর (৪৪)।
পুলিশ জানায়, শনিবার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল নয়টিলা মাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাসে করে দুই ব্যক্তি অস্ত্র, ম্যাগাজিন ও গুলি নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছেন। ওই তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশিচৌকি বসায় পুলিশ। পরে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে দুই যাত্রী সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের হেফাজত থেকে ৭ দশমিক ৬২ মিলিমিটার বোরের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ বিধি অনুযায়ী জব্দ করে পুলিশ এবং ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিচৌকি বসিয়ে বাসের দুই যাত্রীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।