ভারতের কর্ণাটক রাজ্যের একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক রোগীর ঘুমন্ত নারী স্বজন যৌন হয়রানির শিকার হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যের হাভেরি জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে, যার পুরো দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে থাকা ওই নারীর কম্বল টেনে শরীরে অযাচিতভাবে স্পর্শ করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বিষয়টি টের পেয়ে ওই নারী সঙ্গে সঙ্গে জেগে উঠে চিৎকার শুরু করেন এবং অভিযুক্তকে হাতে-নাতে ধরে চড় মারেন। তার চিৎকারে ওয়ার্ডে থাকা অন্য রোগী ও স্বজনরা জেগে উঠে ওই ব্যক্তিকে ঘিরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে উপস্থিত একজন তার কলার চেপে ধরে মাটিতে ফেলে দেন। তবে শেষ পর্যন্ত সবাইকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
রোগী ও স্বজনদের অভিযোগ, ওই ব্যক্তি রাত ২টার দিকে ওয়ার্ডে প্রবেশ করেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, গত সপ্তাহে একই হাসপাতাল থেকে অন্তত ১০টি মোবাইল ফোন চুরির ঘটনার সঙ্গেও ওই ব্যক্তি জড়িত থাকতে পারেন।
এদিকে, গভীর রাতে জেলা হাসপাতালে রোগী ও নারী স্বজনদের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হাসপাতালের রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি